মো. শাহজালাল সুমন, উত্তরা: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তরার উত্তরা পশ্চিম থানা এলাকায় সতর্ক অবস্থানের অংশ হিসেবে শান্তিপূর্ণ মোটরসাইকেল মহড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তরা পশ্চিম থানা শাখা। সোমবার (২৩ জুন) বিকেলে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন সেক্টরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে এলাকার প্রধান সড়ক ও সেক্টরগুলো প্রদক্ষিণ করেন। কর্মসূচি চলাকালে তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানের বার্তা দেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফ, স্বেচ্ছাসেবক নেতা তোজাম্মেল হক সোহাগ, মোশারফ হোসেন, তানজিমুল ইসলাম সোহাগ, ইসমাইল হোসেন, সজিব হোসেন শুভ, জাহিদুল ইসলাম জনি, আল আমিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে তারা সকলকে আইন মেনে চলার আহ্বান জানান। মোটরসাইকেল মহড়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তফা কামাল হৃদয় বলেন, সাম্প্রতিক গাজীপুর মহানগরে যুবলীগের একটি খণ্ড মিছিল থেকে পুলিশের প্রতি হত্যার হুমকির অভিযোগ ওঠার বিষয়টি উদ্বেগজনক। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে উত্তরায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা যেন না করতে পারে তাই আমরা সকাল থেকেই উত্তরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করা হলে তা আইনগত ও সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে।