প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:১৮ পি.এম
টানা দুই জয়ে নকআউট পর্বে কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে ‘কে’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে কলম্বিয়ানরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। তবে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত নৈপুণ্যে বারবার ব্যর্থ হয় তাদের আক্রমণভাগ। প্রথমার্ধেই তিনি ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধেও আরও দুটি সেভ করে কলম্বিয়ার গোলের সুযোগ নষ্ট করেন এই গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দানিয়েল মুনিওজ। ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণে নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। ওই মুহূর্তে বলের গতিপথ বুঝে উঠতে পারেননি এমপাসি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয়েও গোল করেছিলেন মুনিওজ। টানা দুই ম্যাচে গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ফুটবলার। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে কলম্বিয়া। ফলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে, দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। নকআউট পর্ব নিশ্চিত হলেও গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে শেষ ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া। টানা দুই জয়ে দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে, আর দানিয়েল মুনিওজের দুর্দান্ত ফর্ম তাদের জন্য বাড়তি আশার কারণ হয়ে উঠেছে।