*ঢাকা-১৮ আসনে এমপি এস বি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও নিন্দা*
মোঃ সোহাগ মিয়া উত্তরা
*ঢাকা:* ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস বি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর যুবদল।
শুক্রবার বিকেলে উত্তরা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিমুল আহমেদ।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মোঃ শিমুল আহমেদ বলেন, "এস বি জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার কারণেই একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
তিনি আরও বলেন, "এই ধরনের অপপ্রচার করে জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যুবদল রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"
বিক্ষোভ মিছিলে ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা "মিথ্যা অপপ্রচার বন্ধ করো", "ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার" লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।
সমাবেশ শেষে নেতারা দ্রুত এই অপপ্রচার বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান।