ইতিহাসে প্রথমবারের মতো তিনটি ভিন্ন দেশে তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে পৃথক তিনটি উদ্বোধনী আয়োজন, যেখানে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী মঞ্চের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক লাতিন সংগীতের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন জনপ্রিয় শিল্পী জে বালভিন, মানা, টাইলা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস। এরপর ১২ জুন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া কারা। সবশেষে ১৩ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ উদ্বোধনী আয়োজন। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তা। পাশাপাশি উপস্থিত থাকবেন হলিউডের আরও অনেক তারকা। ফিফা জানিয়েছে, তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হবে বিশ্বকাপ ট্রফি। আয়োজক দেশগুলোর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে এই আয়োজনের মাধ্যমে। প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে। টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী সরাসরি উপভোগ করতে পারবেন এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন ফুটবল বিশ্বকে দেবে এক নতুন অভিজ্ঞতা।