বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হয়েছেন। শনিবার চ্যানেল আইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা হয় এই দুই তারকার। দীর্ঘ সময় পর তাদের পুনর্মিলন ঘিরে উপস্থিতদের মধ্যে তৈরি হয় বিশেষ উচ্ছ্বাস।অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আইয়ে আসেন শাকিব খান। তাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শাকিব খানকে উপহার হিসেবে একটি রোলেক্স ঘড়ি প্রদান করা হয়।আড্ডার একপর্যায়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, কতদিন পর তাদের দেখা হলো। জবাবে তিনি মুচকি হেসে প্রশ্নটি শাকিব খানের দিকেই ছুড়ে দেন। তখন শাকিব খান বলেন, “কতদিন নয়, বলো কত বছর পর!” উত্তরে পূর্ণিমাও সম্মতি জানিয়ে বলেন, “আসলে অনেক বছর পর আমাদের দেখা হলো। দীর্ঘদিন পর সহশিল্পীকে দেখে প্রশংসায় ভাসান পূর্ণিমা। তিনি বলেন, “আমি তাকে আগে যেমন দেখেছি, এখন তার চেয়েও বয়স কম মনে হচ্ছে। তার যত ছবি মুক্তি পেয়েছে, প্রায় সবই দেখেছি। ‘তুফান’ দেখেছি, বাকি ছবিগুলোও দেখেছি। একসঙ্গে প্রায় দেড় ডজন চলচ্চিত্রে অভিনয় করা এই জনপ্রিয় জুটির পুনর্মিলন মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আড্ডার শেষদিকে মজার ছলে পূর্ণিমা বলেন, “আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম! ওই শাকিব আর এই শাকিবের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। পূর্ণিমার এমন মন্তব্যে শাকিব খানসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। দীর্ঘদিন পর দুই তারকার এই উষ্ণ পুনর্মিলন তাদের ভক্তদের মাঝেও ফিরিয়ে এনেছে পুরোনো দিনের স্মৃতি ও নস্টালজিয়া।