নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
উদ্বোধনী বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিহত ও আহতদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর শহীদসহ সকল বীর সেনানীর আত্মত্যাগের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
*পদোন্নতিতে পেশাদারিত্বের ওপর জোর*
নির্বাচনী পর্ষদকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে হবে। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এজন্য বাহিনী দুটির প্রধানসহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
*বিমান বাহিনীর স্থাপনা ও প্রযুক্তি পরিদর্শন*
পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন ADSI, এয়ার কমান্ড অপারেশন সেন্টার ACOC এবং এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স ARDC-এর কার্যক্রম সরেজমিনে দেখেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় তৈরি UAV, যার মধ্যে রয়েছে Drone, Kamikaze Drone, Interceptor Drone ও VTOL, সহ বিভিন্ন আধুনিক উড্ডয়ন ব্যবস্থাও দেখেন প্রধানমন্ত্রী।
গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।