স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টঙ্গী মদিনাপাড়া কল্যাণ কমিটির পক্ষ থেকে গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ডবাসীসহ দেশের সর্বস্তরের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী মদিনা পাড়া কল্যাণ কমিটির সভাপতি মোশাররফ হোসেন ঢালী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার যে শিক্ষা দিয়েছেন, তা আজও মুসলিম বিশ্বের জন্য অনুসরণীয় আদর্শ হয়ে রয়েছে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো মানুষের অন্তরের হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আযহা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়।মোশাররফ হোসেন ঢালী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি মদিনা পাড়া কল্যাণ কমিটির পক্ষ থেকে তিনি ৪৫ নং ওয়ার্ডবাসীর প্রতি কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, কোরবানির পর পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে কোনো ধরনের দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে। এ জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি। শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ প্রার্থনা করেন।