*ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা*
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিবেদন
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ মউক-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায়। শহিদদের আত্মত্যাগ ও যোদ্ধাদের সাহসিকতা আগামীর বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা।
বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান জানান। পরে শহিদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।