ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে পৌর প্রশাসক শফিকুল ইসলাম
মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নগরকে মশামুক্ত রাখতে ফুলপুর পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকালে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের আয়োজনে ও নেতৃত্বে পৌরসভার বালিয়ার মোড় এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযানে পৌরসভার কর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। রাস্তা, ড্রেন, জলাবদ্ধ স্থান ও আবর্জনার স্তূপ পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। একইসাথে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু স্প্রে করলেই হবে না, আমাদের প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলেই আমরা ফুলপুরকে ডেঙ্গুমুক্ত রাখতে পারব।"
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে এ ধরনের অভিযান নিয়মিত হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমবে।
উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সারাদেশের ন্যায় ফুলপুরেও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে পৌর কর্তৃপক্ষ।