বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজধানীর তুরাগে অবস্থিত বাউনিয়া আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে 'কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ ও সুধী সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম, জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান খান। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বরণ, শিক্ষার্থীদের সংবর্ধনা, স্বাগত বক্তব্য, একাডেমিক আলোচনা এবং বিদ্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, সফটওয়্যারভিত্তিক কার্যক্রম এবং বিভিন্ন সহশিক্ষামূলক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ক্লাবভিত্তিক কার্যক্রম, বিজ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাকে উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় সমাজের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের সাম্প্রতিক অগ্রগতি, চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংশ্লিষ্ট সুধীজন ও গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।