ধূমপায়ীদের জন্য আসছে নতুন দুঃসংবাদ। জনস্বাস্থ্য সুরক্ষায় ‘সিন ট্যাক্স’ নীতির আওতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চার স্তরের সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন স্তরের সিগারেটের দাম ২ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রস্তাবিত বাজেট পরিকল্পনায় সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হতে পারে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে। বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট প্রিমিয়াম সিগারেটের দাম ১৮৫ টাকা থাকলেও তা ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া উচ্চ স্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেটে ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। একইভাবে মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করা হতে পারে। অন্যদিকে নিম্ন স্তরের সিগারেটের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি তুলনামূলক কম রাখা হয়েছে। বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট নিম্ন স্তরের সিগারেটের দাম ৬০ টাকা থাকলেও তা মাত্র ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তামাকজাত পণ্যের ওপর কর ও মূল্য বৃদ্ধি জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ধূমপানের প্রবণতা কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।