*মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৫৪ নং ওয়ার্ডে কঠোর অবস্থান হাজী শফিকুল ইসলামের*
মোঃ সোহাগ মিয়া উত্তরা
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ার্ড এলাকায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন করা হবে। মাদক ব্যবসা কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার ওয়ার্ডের এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের ছোবলে। পাড়া-মহল্লায় ইয়াবা, ফেনসিডিল আর গাঁজার রমরমা ব্যবসা আমি চোখের সামনে দেখতে পারি না। আজ থেকে ৫৪ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখানে মাদক কারবারি, পৃষ্ঠপোষক বা সেবনকারীর কোনো জায়গা হবে না।”
হাজী শফিকুল ইসলাম আরও জানান, ওয়ার্ডের প্রতিটি গলি-মহল্লায় কমিউনিটি পুলিশিং ও যুবসমাজকে নিয়ে সতর্কতা কমিটি গঠন করা হবে। সন্দেহজনক কাউকে দেখা গেলে সাথে সাথে প্রশাসনকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সামাজিক উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
স্থানীয় বাসিন্দারা তার এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে মাদকের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ওয়ার্ড সভাপতির কঠোর অবস্থান এবার পরিস্থিতি বদলাবে বলে আশা করছেন সবাই।
৫৪ নং ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মীরা জানান, হাজী শফিকুল ইসলামের নেতৃত্বে শিগগিরই স্কুল-কলেজ ও মসজিদ-মন্দিরভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হবে। লক্ষ্য একটাই—একটা মাদকমুক্ত, নিরাপদ ৫৪ নং ওয়ার্ড।