মৌলভীবাজারে অসহায় সাংবাদিকদের নামে অনুদান, সুবিধাভোগীদের পকেটে টাকা—সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ
স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
গত ৩ এপ্রিল শুক্রবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১১ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। তবে অনুদানপ্রাপ্তদের তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
অভিযোগ উঠেছে, প্রকৃত অসহায় ও অসুস্থ সাংবাদিকদের উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির মাধ্যমে সচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, অনুদানপ্রাপ্তদের তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা এলাকায় আর্থিকভাবে স্বচ্ছল হিসেবে পরিচিত এবং বর্তমানে কোনো গুরুতর অসুস্থতা বা চরম সংকটে নেই। অপরদিকে দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন মরণব্যাধিতে আক্রান্ত কিংবা প্যারালাইজড হয়ে অসহায় জীবনযাপন করা কয়েকজন প্রকৃত দুস্থ সাংবাদিক এই তালিকা থেকে বাদ পড়েছেন।
এ ঘটনায় জেলার সাধারণ সংবাদকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা মন্তব্য করেছেন,
“হতদরিদ্র ও দুস্থ সাংবাদিকের নাম ব্যবহার করে সচ্ছলদের অনুদান দেওয়া পেশাদার সাংবাদিকতার জন্য চরম অবমাননাকর।”
অনেকে পুরো প্রক্রিয়াকে ‘অদৃশ্য তালিকা’ হিসেবে আখ্যায়িত করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ক্ষুব্ধ এক সাংবাদিক বলেন,
“যারা মাঠে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের খোঁজ কেউ নেয়নি। অথচ এসি রুমে বসে থাকা কিছু ব্যক্তিকে দুস্থ দেখিয়ে এই অনুদান দেওয়া হয়েছে। এটি কল্যাণ ট্রাস্টের মূল উদ্দেশ্যের পরিপন্থী।”
এদিকে, বিতর্কিত এই তালিকা ও অনিয়মের অভিযোগ ঘিরে জেলার সাংবাদিক সমাজে সমালোচনার ঝড় বইছে। সংশ্লিষ্টদের মতে, অনুদান বিতরণে এই ধরনের অস্বচ্ছতা সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন।