সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে তেজগাঁও শিল্পাঞ্চলে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
মোঃ শাহজালাল সুমন,ঢাকা
: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৫ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল রবিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি ও দোকানপাটে এ প্রচারণা চালানো হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মকবুল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে মকবুল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তবে একটি গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর শাখার নির্দেশনা অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনার তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনার কথা উল্লেখ করে মকবুল হোসেন বলেন, দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। এ সময় তিনি সরকারের ওপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বিতরণ করা লিফলেটে সরকারের বিভিন্ন সময়ের দ্রব্যমূল্যের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে বলে জানান আয়োজকেরা। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যসংক্রান্ত বিভিন্ন তথ্যও এতে উল্লেখ রয়েছে। কর্মসূচিতে মকবুল হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাঁদের অবহিত করেন।