আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন এক সমঝোতার ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে উভয় পক্ষ। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজগুলো নিরাপদ ও সুরক্ষিত দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করে চলাচল করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন সমঝোতা চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে তেল পরিবহন শুরু হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যচাপও কিছুটা কমবে।