হালুয়াঘাটে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্সের বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের মাননীয় প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মহোদয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ধারা মিঞা বাড়ি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদটি সৈয়দ এমরান সালেহ প্রিন্স মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে অবস্থিত।
দোয়া মাহফিলে প্রিন্স মহোদয়ের প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
বক্তারা প্রিন্স মহোদয়ের বাবার জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ। এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রয়াত ব্যক্তিদের স্মরণ এবং এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয় বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।