প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৮:২৪ পি.এম
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ও ঐতিহ্যবাহী দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের লড়াই মানেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর বাড়তি উন্মাদনা। আর সেই মহারণ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে উত্তেজনার মাত্রা পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়।প্রায় ৩৬ বছর পর আবারও বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার। গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। সেই ম্যাচেও জয় পেলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। সেখানে সবচেয়ে এগিয়ে রয়েছে উরুগুয়ে। অন্যদিকে টুর্নামেন্টের শুরুটা আশানুরূপ না হলেও হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সেলেসাওরা। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। এমনটি হলে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান। এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও অন্যান্য বাধা পেরোতে পারলে সেমিফাইনালে হতে পারে বহু প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। বিশ্বকাপের মূল পর্বে সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ম্যাচের ৮১তম মিনিটে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ এক অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে সেটিই এখন পর্যন্ত দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই। এবার যদি সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়, তবে ৩৬ বছরের পুরোনো হিসাব মেটানোর সুযোগ পাবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে নিজেদের আধিপত্য ধরে রেখে আরও একটি বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিতে। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্ভাব্য এই মহারণকে ঘিরে ইতোমধ্যেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে। এখন শুধু অপেক্ষা—সেমিফাইনালের সেই স্বপ্নের লড়াই সত্যি হয় কি না।