৫২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেনের মতবিনিময়
মো: শাহজালাল সুমন, উত্তরা, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (১৬ ফেব্রুয়ারি ২০২৬) উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর তুরাগ ৫২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫২ নং ওয়ার্ডের সভাপতি মজিবর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে ঢাকা–১৮ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“আমি আপনাদের নেতা হয়ে থাকতে চাই না, আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। কারণ নেতা হলে সব সময় কাছে পাওয়া যায় না, কিন্তু ভাইয়ের কাছে যেকোনো সময় আপন মনে আবদার করা যায়। আমি সব সময় আপনাদের এই আবদারকে মূল্যায়ন করব। আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকা–১৮ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় তিনি এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উৎসর্গ করতে চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক ইসকান্দার, ৫২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আলাল হোসেন, ইউনিট বিএনপির সহ সভাপতি দিদার, সাবেক যুবনেতা শওকত, মনির হোসেন, ওলি আহমেদসহ ৫২ নং ওয়ার্ডের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।