
ফুলপুরে স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডা. এ কে এম আমিনুল হকের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা আজ শুক্রবার সকাল দশটায় ফুলপুরের ইমাদপুর গ্রামে আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করেন।
ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আমজাদ আলী মিয়ার ছেলে প্রফেসর ডা. এ কে এম আমিনুল হক সাংবাদিকদের কাছে তার পরিচয় তুলে ধরেন।
প্রফেসর ডা. আমিনুল হক বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যাপক (মেডিসিন) হিসাবে নিয়োজিত আছেন। একই সাথে তিনি ড্যাবের কেন্দ্রীয় কমিটির বর্তমান উপদেষ্টাসহ বিভিন্ন মেডিকেল সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক (মেডিসিন) ছিলেন।
এ ছাড়া তিনি ফুলপুরের আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মতবিনিময় সভায় তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে তার দীর্ঘ জাতীয়তাবাদী রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। এ ছাড়া সমাজের বঞ্চিত, দারিদ্যপীড়িত মানুষের মাঝে সেবামূলক কাজের বর্ণনা দেন। তিনি তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারকান্দা) আসন থেকে বিএনপিদলীয় প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।