
উত্তরা তুরাগে আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল ফাইনালে রাজাবাড়ির জয়, প্রধান অতিথি হিসেবে ছিলেন হাজী মোঃ চান মিয়া বেপারী
মোঃ সোহাগ মিয়া উত্তরা
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে উত্তরা তুরাগের বামনারটেকে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। শনিবার বিকাল ৫ টায় স্থানীয় মাঠে আয়োজিত এই ফাইনালে রাজাবাড়ি ফুটবল একাদশ বামনারটেক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ডের ছাত্র বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক সদস্য শামীম হোসেন এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইনল হক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী চান মিয়া বেপারী বলেন, “বামনারটেক এলাকায় যুবকদের খেলার জন্য কোনো মাঠ নেই। আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের সাথে কথা বলে এখানে একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করে দেব।
তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের মাদক ছেড়ে খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। বামনারটেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলার আয়োজন করা হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।
স্থানীয় যুবকরা দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকরা জানান, প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর নামে এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ক্রীড়া চর্চাকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
ফাইনাল খেলা ঘিরে বামনারটেক ও রাজাবাড়ির সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।