
খেলাধুলার উন্নয়নে বিএনপির যুগান্তকারী ঘোষণা দিলেন আমিনুল হক
মোঃ শাহজালাল সুমন।
বাংলাদেশের খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে ক্ষুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। ফেরি করে বেলুন বিক্রি করা ১১ বছর বয়সী রিয়াদের ফুটবল দক্ষতা দেখে অভিভূত হন বিএনপি নেতা। এসময় তিনি রিয়াদের হাতে ফুটবল, বুট, জার্সি এবং তার বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
আমিনুল হক বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদের পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রতিমাসে একটি আর্থিক অনুদান তার পরিবারের কাছে পৌঁছে যাবে। রিয়াদ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিএনপি তার ও তার পরিবারের পাশে থাকবে, ইনশাল্লাহ।”
তিনি জানান, প্রতিভাবান খেলোয়াড়দের সন্ধান পেতে বিএনপি দেশব্যাপী একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার ও আর্চারিসহ নানা ইভেন্টে প্রতিভাবানদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে বাছাই করা হবে। পরে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিবর্তনের মাধ্যমে আমরা সামাজিক পরিবর্তন আনতে চাই। তরুণ সমাজকে মাঠমুখী করে একটি মাদকমুক্ত সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে চাই। নতুন প্রজন্মকে ডিভাইস আসক্তি থেকে খেলাধুলায় ফিরিয়ে এনে জাতির ভবিষ্যৎকে আরও শক্তিশালী করব।”
বিএনপির নতুন কর্মসূচি “নতুন কুড়ি স্পোর্টস” সম্পর্কে তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে রিয়াদ ও সোহানের মতো লুকানো প্রতিভাবান খেলোয়াড়দের একত্রিত করে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ আফাজ উদ্দিন, নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, সাবেক সদস্য আলাউদ্দিন টিপু, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, দক্ষিণখানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।