
জরাজীর্ণ সেতু মেরামতের দাবিতে এলাকাবাসীর উদ্বেগ
প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাউরিয়া এলাকায় অবস্থিত একটি সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে আশপাশের এলাকার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা চলাচল করে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করুক। তাদের মতে, একটি কার্যকর ও নিরাপদ সেতু এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
স্থানীয় জনগণ দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।