
ঢাকা, ২৭ মে : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৩০ মে (শনিবার) ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে এ কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগেও প্রতিবছরের ধারাবাহিকতায় এবার মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিএনপি নেতারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।