
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একটি বিশেষ দল সালামত মোল্লা রোডের একটি সাততলা ভবনের নিচতলার ভাড়া ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও বাসা তল্লাশি করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে এটি ইয়াবার একটি বড় চালান। উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।