
ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজ-সন্ত্রাস-মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার প্রত্যয়ে মাঠে বিএনপি
জেসমিন আক্তার উত্তরা প্রতিনিধি
ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার লক্ষ্যে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী চান মিয়া বেপারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তুরাগ এলাকার বিভিন্ন মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীকে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে হাজী চান মিয়া বেপারী বলেন, “ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ তুরাগ গড়তে চাই। চাঁদাবাজ, সন্ত্রাসী আর মাদক কারবারিদের কোনো স্থান এখানে হবে না। কিশোরদের হাতে বই তুলে দিতে চাই, মাদক নয়।”
তিনি আরও জানান, এমপি জাহাঙ্গীর হোসেনের নির্দেশে ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি গঠনের কাজ চলছে। যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন।