
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে (অনলাইন) জুয়া বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় শতাধিক যুবক ও গ্রামবাসী। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘জুয়া বন্ধ করো, সমাজ বাঁচাও’, ‘অনলাইন জুয়া আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে’ ইত্যাদি স্লোগানে জুয়া প্রতিরোধের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, অনলাইন জুয়ার কুপ্রভাবে গ্রামের অনেক তরুণ নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। পরিবারের সম্পদ বিক্রি করে, ধারদেনা করে তারা এই জুয়ার ফাঁদে পড়ছে। অনেকে স্কুল-কলেজ ছেড়ে দিয়ে সারাদিন মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকে, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, মানসিক, সামাজিক এবং পারিবারিকভাবে একটি প্রজন্মকে ধ্বংস করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহব্বতপুর সমাজসেবক ও মসজিদের ইমামসহ অনেক সচেতন নাগরিক।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অনতিবিলম্বে এই অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানান তারা।