
তারাকান্দার ৩ গ্রামের জলাবদ্ধতা নিরসনে মউক চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কুরকুচিকান্দা, দোগাছি ও পশ্চিম তালদিঘি এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ-মউক এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মউক চেয়ারম্যান। বর্ষা মৌসুমে ঘরবাড়ি তলিয়ে যাওয়া, ফসলি জমি নষ্ট হওয়া এবং যাতায়াতে চরম ভোগান্তির কথা তুলে ধরেন এলাকাবাসী। তাদের দুর্ভোগের কথা শুনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে মোতাহার হোসেন তালুকদার বলেন, “এই তিনটি গ্রামের জলাবদ্ধতা নতুন কোনো সমস্যা নয়। পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও খালগুলো দখল এবং অপরিকল্পিত অবকাঠামোই এর প্রধান কারণ। স্থায়ী সমাধানের জন্য আমরা দ্রুত একটি মাস্টারপ্ল্যান তৈরি করে কাজ শুরু করব।”
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নাজমুস সালেহীন। এছাড়াও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষায় এই তিন গ্রামের কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। মউক চেয়ারম্যানের এই পরিদর্শনে তারা স্থায়ী সমাধানের ব্যাপারে আশাবাদী।