
মো: শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা : দেশজুড়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের বিপণন নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ জুন) ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার চারটি শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকেই তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন বিভিন্ন বয়সী নারী–পুরুষ ও শিশু। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুরাগ ফুলবাড়িয়া নিহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হানিফ, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইখলাস উদ্দিন, ওয়ালটন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নেতৃবৃন্দ ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন। উত্তরা অঞ্চলের চারটি ওয়ালটন প্লাজার শাখার ব্যবস্থাপক শফিকুজ্জামান লিটন, আব্দুর রাজ্জাক, সুমন মোল্লা এবং উম্মে হাবিবা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্প পরিচালিত হয়। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রায় ৭৫০টি স্থানে একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। । মেডিকেল ক্যাম্পে চারটি পৃথক বুথের মাধ্যমে চর্মরোগ, অর্থোপেডিকস, মেডিসিন, গাইনি, ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। ওমেগা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।ক্যাম্প পরিদর্শনকালে ব্রাঞ্চ ম্যানেজাররা জানান, ওয়ালটন শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং দেশের মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে একযোগে প্রায় ৭৫০টি পয়েন্টে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে। উত্তরা ও তুরাগ অঞ্চলের চারটি শাখার এই আয়োজন সারাদিনব্যাপী চলবে। উত্তরা ও তুরাগ থানার চারটি শাখার কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা এলাকার সর্বস্তরের জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য ওয়ালটন প্লাজার এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে ওয়ালটন প্লাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।