দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা উপজেলার ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে দিনভর জল্পনা-কল্পনার পর পরিত্যক্ত অবস্থায় ধানক্ষেত থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। জানা যায়, এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পান যে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের ওপর একটি কষ্টি পাথরের মূর্তি পড়ে রয়েছে। বিষয়টি তিনি মো. মিজানুর রহমান-কে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর- ১৩৩৯।
রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মূর্তিটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে।