
বিশ্বকাপ মাঠে বসে দেখার জন্য ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিলেন শিক্ষক অ্যান্ডি মিলন। তিনি সারা জীবন শিক্ষকতা করে গড়ে তোলেন ছোট্ট একটি বাড়ি। সেটি বিক্রি করে মাঠে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে উপভোগ করার তীব্র আবেগ থেকেই এমন সিদ্ধান্ত নেন অ্যান্ডি।তার এই ঘটনা নিয়ে ইংল্যান্ডজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া। অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যান্ডি মিলন ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার জন্য নিজের বাড়ি বিক্রি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বকাপের টিকিট সংগ্রহের চেষ্টা করছিলেন। উপায় না পেয়ে শেষ পর্যন্ত নিজের নর্থউইচের বাড়িটি বিক্রি করে দেন। প্রায় সাড়ে চার কোটি টাকায় বাড়িটি বিক্রি করেছেন ইংল্যান্ডের বাসিন্দা অ্যান্ডি। নিজের প্রিয় দল ইংল্যান্ডকে সমর্থন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও বহুবার ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ দেখতে বিপুল অর্থ ব্যয় করে মাঠে উপস্থিত ছিলেন অ্যান্ডি। তবে এবারের সিদ্ধান্তটিকে অনেকেই ‘পাগলামি’ বলছেন।
খবরে জানা গেছে, বাড়ি বিক্রির অর্থ দিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের টিকিট ও যাতায়াতের খরচ বহন করবেন তিনি। আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ডালাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন অ্যান্ডি মিলন।
বিশ্বকাপ ফুটবলের প্রতি এমন ভালোবাসা ও আবেগ খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। আর সেই কারণেই অ্যান্ডি মিলনের এই ঘটনা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।