
ময়মনসিংহে শহীদ পরিবারের ওপর হামলায় যুবক নিহত, আহত ৯
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহীদ পরিবারের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। নিহত ও আহতরা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ’ সোহেল রানার পরিবারের সদস্য।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া (২৮) ওই এলাকার হারুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে গেলে শহীদ সোহেল রানার ভাই রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে ইয়াসিনের মৃত্যু হয়।
গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, “জমি নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ সোহেল রানার খালাতো ভাই নিহত হয়েছেন এবং তাদের পরিবারের কয়েকজন আহত হয়েছেন।”
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।