
মুফতি মুহাম্মাদুল্লাহ এমপিকে নিয়ে মানহানিকর ও বিদ্বেষমূলক প্রচারের অভিযোগে মামলা!
নিজস্ব প্রতিনিধ
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ ২ (ফুলপুর -তারাকান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর, বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে সোহরাব হোসেনের বিরুদ্ধে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৪ জুলাই সকাল থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপিকে উদ্দেশ্য করে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর মন্তব্য প্রচার করা হয়। তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে অবমাননাকর ভাষায় মন্তব্য করার পাশাপাশি বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও এজাহারে বলা হয়েছে, চোখ উপড়ে ফেলার হুমকিসহ বিভিন্ন ধরনের ভীতিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ।