
মনির মন্ডল, সাভার প্রতিনিধি:
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই। রোববার (৩১ মে) ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলহাজ্ব কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।