
*হালুয়াঘাটে ফয়জুল উলুম মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স*
মোঃ সোহাগ মিয়া
* ময়মনসিংহ প্রতিনিধি*
*
ধর্মীয় শিক্ষার প্রসার ও এতিম শিশুদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের কুমুরিয়া নয়াপাড়া ফয়জুল উলুম কোরআনীয়া হাফিজিয়া নূরানীয়া ও এতিমখানা মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের মাননীয় প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
নতুন ভবনটি চালু হওয়ায় মাদ্রাসার হিফজ, নূরানী ও এতিমখানা বিভাগের শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি এতিম ও অসহায় শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেন, “কোরআন শিক্ষা ও এতিমদের লালন-পালন নিঃসন্দেহে সদকায়ে জারিয়া। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সমাজের ভিত মজবুত করে। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে জেলা পরিষদসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি এলাকাবাসী ও বিত্তবানদের এতিমখানার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। নতুন ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতিম শিশুদের জন্য দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।