
মোঃ শাহাজালাল দেওয়ান : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু তাহের স্বপন আখন (বিএসএস, বিপিএড)। তার প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নজুড়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আবু তাহের স্বপন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও কিশোর গ্যাংমুক্ত একটি আধুনিক ও নিরাপদ ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে একটি আধুনিক ও ডিজিটাল জনপদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। স্বপন আখন বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, মামলা-মোকদ্দমা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি জনগণের পাশে থেকেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছেন। জনগণের সেবার লক্ষ্য থেকেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। রাজনীতির পাশাপাশি তিনি এমজেএস বালিকা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি এলাকায় একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের মতে, একজন সৎ, কর্মঠ ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে স্বপন আখন নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং যুব সমাজের কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এলাকাবাসীর প্রত্যাশা, আবু তাহের স্বপন চেয়ারম্যান নির্বাচিত হলে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত হবে।