
২০২৯, ২০৩৪-এও প্রধানমন্ত্রী পদে মোদিই
প্রধানমন্ত্রী পদে আপাতত কোনও ভ্যাকেন্সি নেই। ২০২৯ তো বটেই ২০৩৪-সহ আর অনেক বছর বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদিই থাকবেন।’ অবসর জল্পনা উড়িয়ে দিয়ে আরো একবার স্পষ্ট করে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইন্ডিয়া টুডে টিভির সাথে একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ বলছেন, “আজ বিশ্বের প্রথম সারির নেতারাও মোদির পরামর্শ নেন। আমি এর আগে আর আর কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি জন্মদিনে এত রাষ্ট্রনেতার শুভেচ্ছা পেতে।রাজনাথ সিং বিজেপির বর্ষীয়ান নেতা, সাবেক সভাপতি, নীতি নির্ধারকদের একজন স্পষ্ট বলে দিয়েছেন , বিজেপির অন্দরে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে কোনও দ্বিমত নেই। প্রধানমন্ত্রী মোদি এই সপ্তাহে ৭৫ বছরে পা দিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। বিজেপির অন্দরে মোদির অবসর জল্পনা অবশ্য পুরনো। এই বিতর্কের সূত্রপাত ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়। মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে বিজেপির অনেক প্রবীণ নেতা দলের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন। সেই সময় থেকেই প্রচার হতে থাকে, ৭৫ বছর বয়সের পরে নেতারা সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। যদিও বিজেপির সংবিধানে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক নীতি নেই। রাজনাথও দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এই মুহূর্তে দেশজুড়ে ভোটচুরির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিরোধী শিবির। যদিও সেসবকে পাত্তা দিচ্ছেন না রাজনাথ। তাঁর সাফ কথা, এসব ভিত্তিহীন। বিরোধীদের হাতে যদি কোনও প্রমাণ থেকে থাকে তাহলে আদালতে যাওয়া উচিত।
সূত্র : ইন্ডিয়া টুডে