
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধন
প্রশাসনিক বিভাজনের নামে দেশের অন্যান্য এলাকায় নতুন বিভাগ গঠিত হলেও বছরের পর বছর নোয়াখালী অঞ্চল অবহেলিত থেকে গেছে—এ অভিযোগ তুলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদ ও বিভিন্ন সামাজিক-নাগরিক সংগঠনের ব্যানারে মানববন্ধনঅনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ মানববন্ধন অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, মুক্তিযোদ্ধা ও প্রবাসী পরিবারের সদস্যরা। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার—যেখানে লেখা ছিল, ‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়,দিতে হবে, দিয়ে দাও নোয়াখালী বিভাগ চাই দাবি মোদের একটাই—নোয়াখালী বিভাগ চাই প্রভৃতি।
বক্তারা বলেন, নোয়াখালী জেলা ও আশপাশের ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চল বহু বছর ধরে প্রশাসনিক অবকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে। সরকারি দফতরগুলোর অধিকাংশই চট্টগ্রাম বা ঢাকাকেন্দ্রিক হওয়ায় স্থানীয়দের নানা প্রশাসনিক কাজে দূরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম—সব কিছুর অপচয় ঘটছে। তারা আরও বলেন, নোয়াখালী বিভাগ হলে শুধু প্রশাসনিক কার্যক্রম সহজ হবে না, বরং শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতেও ব্যাপক উন্নয়ন ঘটবে। বক্তাদের মতে, দেশের উত্তরাঞ্চলে রংপুর, দক্ষিণে বরিশাল ও ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর নোয়াখালী বিভাগের দাবি এখন সময়ের অনিবার্য দাবি।
স্থানীয় সংগঠকরা জানান, এই দাবিকে কেন্দ্র করে ইতোমধ্যে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আগামী সপ্তাহে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, নোয়াখালী শুধু ভৌগোলিকভাবে নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবেও আলাদা পরিচয়ের অঞ্চল। স্বাধীনতার পর থেকে ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো দুর্যোগের সঙ্গে পরিচিত এই অঞ্চল প্রকৃতপক্ষে উন্নয়ন ও সম্ভাবনার ক্ষেত্রেও সমৃদ্ধ।
বিক্ষোভে উপস্থিত একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিক বলেন, “স্বাধীনতার এত বছর পরও নোয়াখালী যেন অবহেলার প্রতীক হয়ে আছে। কিন্তু এই অঞ্চলে কৃষি, শিল্প ও পর্যটনের অপরিসীম সম্ভাবনা রয়েছে। বিভাগ গঠিত হলে নোয়াখালী দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।”
এদিকে আন্দোলনের প্রতি রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকেও সমর্থন জানানো হয়েছে। তারা সরকারের কাছে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন।