
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগের আবদুল আলী: “নেতা নই, ৫৩ নং ওয়ার্ডের সেবক হতে চাই”
মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও বার্তা দিয়েছেন তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবদুল আলী।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি রাজনৈতিক নেতা হতে আসিনি। আমি ৫৩ নং ওয়ার্ডের একজন সেবক হতে চাই। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে এবং জনগণের সেবা করার সুযোগ দেবে।”
আবদুল আলী তার রাজনৈতিক জীবনের কষ্টের কথা তুলে ধরে বলেন, “আমার নামে ৫২টি মামলা ছিল। এর মধ্যে ৫টি মামলায় সাজা হয়েছে। জেলখানায় ৯ মাস রুমের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। তুরাগ থানায় ৭ দিন রিমান্ডেও ছিলাম। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে একদিনও শান্তিতে বাসায় ঘুমাতে পারিনি। এত অন্যায়-অত্যাচারের পরও আমি দল ছাড়িনি।”
আসন্ন কাউন্সিলর নির্বাচন নিয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় যদি ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হতে পারি, তাহলে এই ওয়ার্ডে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং ভূমিদস্যুদের কোনো ঠাঁই হবে না। জনগণকে সাথে নিয়ে এসবের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
বিএনপির ৪৮ বছরের পথচলায় ত্যাগী নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি দলের সকল স্তরের নেতাকর্মী ও ৫৩ নং ওয়ার্ডবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
তুরাগ থানা বিএনপি নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।