
তারারটেক ফুটবল টুর্নামেন্টে চন্ডালভোগ একাদশের জয়
মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল”—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর তুরাগ এলাকায় তারারটেক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চন্ডালভোগ একাদশ ১-০ গোলে তারারটেক একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এখলাছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হাসান।
এ ছাড়া বিএনপির সিনিয়র নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিশেষ সম্মাননা হিসেবে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে এখলাছ উদ্দিন বলেন , এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।