
উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার
সংবাদ সম্মেলন
মোঃ সোহাগ মিয়ার প্রতিবেদনে
রাজধানীর উত্তরা তুরাগের বাউনিয়া মেট্রোরেল এলাকার দক্ষিণ স্টেশনের পশ্চিম পাশে জমি দখল, বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আহসান উল্লাহ ও তাঁর ছেলে সানীসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজেদের জমি ও জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী চৌধুরী গোলাম মর্তুজা ও তাঁর পরিবার।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মেট্রোরেলের উত্তরা উত্তর সেন্টারে দক্ষিণ স্টেশনের পশ্চিম পাশে বাউনিয়া মেট্রোরেল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। এ সময় তাঁরা নিজেদের জমি রক্ষা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
৩২ শতাংশ জমি ক্রয়ের দাবি মর্তুজার
সংবাদ সম্মেলনে চৌধুরী গোলাম মর্তুজা জানান, তিনি ও তাঁর স্ত্রী মারিয়া চৌধুরী দুটি সাফকবলা দলিলের মাধ্যমে বাউনিয়া মৌজায় সিটি জরিপের ১৬০০৯ ও ১৬০২৩ নম্বর দাগে মোট ৩২ শতাংশ জমি ক্রয় করেন। পরে নিজেদের নামে জমির নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তাঁরা জমিটি ভোগদখল করে আসছিলেন বলে দাবি করেন তিনি।
মর্তুজার অভিযোগ, ২০২৪ সালে আহসান উল্লাহর দায়ের করা একটি মামলায় তাঁকে কারাগারে যেতে হয়। এ সুযোগে আহসান উল্লাহ, হুমায়ুন কবির ও আহসান উল্লাহর ছেলে সানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর জমি জবরদখল করেন। পরে ওই জমি লেক ভিউ ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তাঁর স্ত্রী মারিয়া চৌধুরী তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান মর্তুজা।
সংবাদ সম্মেলনে মর্তুজা আরও অভিযোগ করেন, বর্তমানে তিনি যে অংশের জমি ভোগদখলে রেখেছেন, সেটিও দখলে নেওয়ার চেষ্টা চলছে। এ জন্য তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি নতুন করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি দখলের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
তাঁর দাবি, জমি নিয়ে বিরোধের জেরে বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির ঘটনাও ঘটেছে। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে চৌধুরী গোলাম মর্তুজা তাঁর ক্রয়কৃত জমির বৈধ মালিকানা ও দখল সুরক্ষায় সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।