
*আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি*
নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ার বাইসাইদ এলাকায় অবৈধভাবে জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেব্রিকা গার্মেন্টসের ডিরেক্টর মিজানুর রহমান ও সেলিম সাহেবের নেতৃত্বে এই দখল কার্যক্রম চলছে। ভুক্তভোগী রেজাউল করিম রনি ও আসাদ মিয়ার মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে রেখেছে গার্মেন্টস কর্তৃপক্ষ।
ভুক্তভোগী রেজাউল করিম রনি ও আসাদ মিয়া জানান, “আমাদের নিজস্ব কেনা জমি। বৈধ কাগজপত্র আমাদের নামে। কিন্তু ফেব্রিকা গার্মেন্টসের লোকজন জোর করে দখল করে রেখেছে। আমরা জমি ফেরত চাইতে গেলে গার্মেন্টসের ছেলেদের দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।”
তারা আরও জানান, জমি দখলের পাশাপাশি তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে নিরাপত্তা চেয়ে এবং জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানান, প্রভাবশালী গার্মেন্টস মালিকদের দাপটে সাধারণ মানুষ তাদের জমি ফিরে পাচ্ছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত জমি উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।