
*উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ*
মোঃ সোহাগ মিয়ার প্রতিবেদন
রাজধানীর উত্তরা তুরাগের নিশাতনগর এলাকায় গ্রীন কস্টম সোয়েটার কোম্পানিতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উদ্যোক্তা সাইফুল ইসলামের দাবি, সাবেক ডিআইজি নাজমুল হোসেনের কাছ থেকে মেশিন ভাড়া নিয়ে তিনি কারখানাটি পরিচালনা করে আসছিলেন।
সাইফুল ইসলাম জানান, চুক্তি অনুযায়ী মেশিন ভাড়া নিয়ে কারখানা চালু করার কিছুদিন পরই সাবেক ডিআইজি নাজমুল হোসেনের পিয়ন রাজিন তার কারখানায় তালা লাগিয়ে দেন এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। বর্তমানেও কারখানাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা এই ঘটনার কঠোর বিচার দাবি করেন এবং কারখানাটি পুনরায় চালু করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, “আমি সর্বস্ব দিয়ে কারখানাটি চালু করেছি। অনেক শ্রমিকের রুটি-রুজি এর সাথে জড়িত। কোনো কারণ ছাড়াই আমার কারখানায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।