
তুরাগ ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় হারুন অর রশিদ খোকা
মোঃ শাহজালাল সুমন: তুরাগ-ঢাকা।
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শীর্ষ আলোচনায় রয়েছেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই ত্যাগী নেতা স্থানীয় জনগণের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই হারুন অর রশিদ খোকা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি তুরাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থাকার কারণে এলাকায় তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন বলে স্থানীয়রা জানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে হারুন অর রশিদ খোকা বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডে বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানির সংকট ও গ্যাসের সমস্যা। বিশেষ করে বাটুলিয়া, রাজাবাড়ি ও কামারপাড়া এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে আমি বিভিন্ন সময় নিজ উদ্যোগে ওয়াসার গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন,এই ৫৪ নং ওয়ার্ড তথা তুরাগ থানায় এখনো কোনো সরকারি হাসপাতাল নেই, যা এলাকার মানুষের জন্য বড় একটি সমস্যা। আমি যদি জনগণের ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই, তাহলে সর্বপ্রথম চিকিৎসা সেবার বিষয়টিকে গুরুত্ব দিব।এছাড়া এলাকার কিশোর গ্যাং ও মাদক সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। খোকা বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে কিশোর গ্যাং ও মাদক নির্মূল করতে হবে। এজন্য আমি প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি ৫৪ নং ওয়ার্ডের মানুষ একজন সৎ, পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব খুঁজছেন। অতীতেও দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আশা করি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দল আবারও আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে এবং জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে। স্থানীয় অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে হারুনুর রশিদ খোকা আসন্ন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।