
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মোস্তফা কামাল হৃদয়ের শুভেচ্ছা
শাহজালাল সুমন,উত্তরা ঢাকা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ উত্তরা ৫১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোস্তফা কামাল হৃদয়। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদের এই মহিমান্বিত আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি সকলকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। মোস্তফা কামাল হৃদয় বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড উত্তরা এলাকার চারটি সেক্টর নিয়ে গঠিত। এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, প্রতিটি সেক্টরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সংস্কৃতিমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, এলাকার নিরাপত্তা জোরদারে প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন করে একটি সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। এতে করে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তাঁর ভাষায়, “প্রতিটি সেক্টরকে সিসি ক্যামেরার আওতায় এনে একটি আধুনিক মনিটরিং সিস্টেম গড়ে তোলা হবে, যাতে নাগরিকরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বসবাস করতে পারেন। নগর উন্নয়নের অংশ হিসেবে তিনি পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, পথচারীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। সবশেষে তিনি দেশবাসীসহ উত্তরা এলাকার সকল বাসিন্দাকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।