
বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল একজন সফল নৃত্যশিল্পী হওয়ার। অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা বা নায়িকা হওয়ার ইচ্ছা তখন তার ছিল না।সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ছোটবেলা থেকেই তিনি নাচের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন এবং নাচের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তবে সাজগোজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা তাকে প্রায়ই ‘নায়িকা’ বলে ডাকতেন।তিনি বলেন, “সবাই বলত আমাকে দেখতে নায়িকাদের মতো। তখন মনে হতো আমি অন্যদের থেকে একটু আলাদা। কিন্তু কখনো ভাবিনি যে একদিন চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠব।”অভিনেত্রী জানান, চলচ্চিত্রে অভিনয় শুরু করার আগে তিনি খুব বেশি সিনেমাও দেখেননি। মায়ের সঙ্গে একবার সিনেমা হলে গিয়ে ছবি দেখার অভিজ্ঞতা থাকলেও নিয়মিত সিনেমা দেখার অভ্যাস ছিল না।শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে অপু বলেন, নাচের চর্চা, পড়াশোনা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে ব্যস্ত থাকায় খেলাধুলার জন্য খুব বেশি সময় পেতেন না। স্কুলজীবনে তিনি ছিলেন দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন ছাত্রী। ক্লাস ক্যাপ্টেন হিসেবে শিক্ষকদের আস্থাভাজন ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।অপু বিশ্বাস আরও জানান, ছোটবেলায় তিনি বেশ ডানপিটে স্বভাবের ছিলেন। ‘অপু’ নামটি শুনে অনেকেই তাকে ছেলে মনে করতেন, যা নিয়ে পরিবারের সদস্যরা মজা করতেন।বগুড়ায় বেড়ে ওঠা এই অভিনেত্রী নৃত্যগুরু আবদুস সামাদ–এর কাছে নাচ শেখার মাধ্যমে শিল্পীজীবন শুরু করেন। পরবর্তীতে প্রাতিষ্ঠানিকভাবে নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করে সাংস্কৃতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। সেই পথ ধরেই একসময় তিনি দেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন।বর্তমানে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, বিজ্ঞাপন ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন অপু বিশ্বাস।