
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাহানপুর গ্রামের আলী আকবরের ছেলে জয়নাল আবেদীন (৪৪)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমানের নেতৃত্বে এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ আলী অংশ নেন। গ্রেফতারকৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও ডিউটি অফিসার জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।