
স্টাফ রিপোর্টার: সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের নেতৃবৃন্দ। ২৩ জুন মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানার তাঁতী দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি হাউজ বিল্ডিং নর্থ টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে উত্তরা বিভিন্ন সেক্টর ও গুরুত্বপূর্ণ সড়ক-অলিগলি প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান বলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর নামে কোনো ধরনের মিছিল বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নির্দেশনায় মহানগর উত্তর তাঁতি দল রাজপথে সুসংগঠিতভাবে অবস্থান করছে। সংগঠনের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং যে কোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং এ দেশে চাঁদাবাজ, দখলদার ও ভূমিদস্যুদের কোনো স্থান নেই। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতেও একই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।