
: সরকারি প্রকল্পের আড়ালে ব্যক্তিগত বাড়ি? ফুলপুরে চেয়ারম্যান দেলোয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
মোঃ সোহাগ মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে একটি সরকারি প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় নির্মিতব্য বিল্ডিংটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ারের ব্যক্তিগত বাড়ির ভেতরে করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে বরাদ্দকৃত স্থাপনা ব্যক্তিগত জমিতে নির্মাণ করায় প্রকল্পের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের ভাষ্য, “যদি এটি সত্যিই সরকারি প্রকল্প হয়, তবে কেন এটি ব্যক্তিগত বাড়ির ভেতরে হবে?
অভিযোগকারীদের মতে, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও ক্ষমতার অপব্যবহার করে গরিব ও সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত দুটি গভীর নলকূপ নিজের বাড়ির আঙিনায় স্থাপন করা হয়েছিল বলে তারা দাবি করেন।
বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, সরকারি অর্থে কীভাবে ব্যক্তিগত বসতবাড়ি নির্মাণ হতে পারে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ারের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি সম্পদের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় জনগণের আস্থা নষ্ট হবে।