
ময়মনসিংহে পরিকল্পিত নগরায়ণ নিয়ে মউক’র মতবিনিময় সভা
মোঃ সোহাগ মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরের পরিকল্পিত উন্নয়ন ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) উদ্যোগে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম।
মউক’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, স্থপতি, ভবন মালিক, ডেভেলপার, প্ল্যানার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
আলোচনায় বক্তারা ময়মনসিংহ নগরের পরিকল্পিত উন্নয়ন, অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রণ এবং টেকসই নগরায়ণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নগর উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে। অবৈধ স্থাপনা রোধে কঠোর অবস্থানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কথাও বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নগরের অবকাঠামোগত উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মউক’র কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার এবং নগর উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেন।