
নুরুল বশর উখিয়া, কক্সবাজার | ৩০ জুন ২০২৫
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
সোমবার (৩০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালী বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার রহমতের বিল থেকে এই বিপুল পরিমাণ মাদকসহ তাদের আটক করা হয়।
৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়—মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপি’র টহল দল রহমতের বিল এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে মিয়ানমার দিক থেকে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা দৌঁড়ে পালাতে চেষ্টা করলে টহল দল সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন: ১) মোঃ মামুন (২৬), পিতা– মৃত হোসাইন ২) মোঃ সৈয়দুল বসর (২৮), পিতা– আহমেদ হোসেন — উভয়ের ঠিকানা: গ্রাম- রহমতের বিল, ডাক-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
আটকের সময় তাদের সঙ্গে থাকা মাছ বহনের ঝুড়ির ভিতরে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেটে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুরো এলাকা তল্লাশি করা হলেও আর কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৬৪ বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।